রবিবার ভোড়েই কলকাতার রাজপথে দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। স্থানীয় বাসিন্দাদের দাবি, সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনাটি ঘটেছে ইম বাইপাস সংলগ্ন কাদাপাড়া এলাকায়। ঘটনার পরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কাদাপাড়া এলাকা। পুলিশ দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। কাদাপাড়া মোড়ে পথ অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়েই ফুলবাগান থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পৌঁছে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় বিধায়ক পরেশ পাল। তিনিই এলাকাবাসীকে বুঝিয়ে সুঝিয়ে ঘন্টাখানেক পর অবরোধ তুলে দেন। যদিও এলাকাবাসীর দাবি, অবরোধ তুলতে লাঠিচার্জ করেছে পুলিশ।
এই ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ইম বাইপাসে। এলাকাবাসীর দাবি, ভোর পাঁচটা নাগাদ শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন গৌরী দে নামে এক মহিলা। রাস্তা পার হওয়ার সময় লাল সিগন্যাল ভেঙেই একটি বেপরোয়া গাড়ি তাঁকে পিষে দেয়। এমনকি তাঁকে ধাক্কা মেরে গাড়িটি প্রায় ৫০-৬০ ফুট রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায় বলেই জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি মদ্যপ অবস্থায় ছিল ওই গাড়ির চালক। ঘাতক গাড়িটিকে আটক করেছে ফুলবাগান থানার পুলিশ ও গাড়িতে থাকা দুজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।


إرسال تعليق
Thank You for your important feedback