দেশের মঙ্গল কামনায় দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ

শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েই অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফর শুরু করলেন। এদিনও ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন সকাল ১০টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন। পৌনে এগারোটা নাগাদ অমিত শাহর কনভয় পৌঁছে যায় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। সেখানে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। এরপর সোজা মন্দিরে ঢুকে যান অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতারা। ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল, অনুপম হাজরার মতো নেতৃত্ব। মা ভবতারিণীর সামনে নিজের হাতেই আরতি করেন অমিত শাহ। 


মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ মা কালীর কাছে সমস্ত বাংলা ও ভারতের জনগণের মঙ্গলকামনা চেয়েছি। মোদিজির নেতৃত্বে গোটা ভারত এগিয়ে চলুক এটাই কামনা করলাম’। বাংলার মনীষীদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখান থেকে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন। দক্ষিণেশ্বর মন্দিরে এসে আমার প্রত্যেকবার নতুন চেতনা হয়। এই মাটির থেকে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ সহ বহু মনীষী এসেছেন।  বাংলার মানুষের কাছে আহ্বান এই পবিত্র মাটিতে সকলে নিজের নিজের দায়িত্ব পালন করুন।  মায়ের কাছে বাংলার ও দেশের মানুষের জন্য প্রার্থনা করেছি সকলে যাবে ভালো থাকেন। মোদিজির নেতৃত্বে দেশ আবারও পৃথিবীতে প্রথম স্থান দখল করে নেবে’। 

দক্ষিণেশ্বর থেকে তাঁর কনভয় সোজা চলে যান পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ির দিকে। সেখানে তাঁর সঙ্গে কথা বলে চলে যাবেন সল্টলেক ইজেডসিসি-তে। সেখানেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post