দুই ক্লাবের গন্ডগোলের জেরে খুন হলেন বিজেপির বুথ সম্পাদক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ নাককাটিগছ গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই বিজেপি নেতার নাম কালাচাঁদ কর্মকার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে কালীপুজোকে কেন্দ্র করে নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতে দুটি ক্লাবের মধ্যে গন্ডগোল বাধে। বিজেপির বুথ সম্পাদক কালাচাঁদবাবু গোলমাল ঠেকাতে যান। সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে মারে বলে অভিযোগ। অভিযোগের তির স্থানীয় চার তৃণমূল কর্মীর দিকে।
কালাচাঁদবাবুর পরিবারের অভিযোগ, তাঁরা বিজেপি করেন বলে মাঝেমধ্যেই হুমকি ও গালিগালাজ করা হত। এবার গোলমালের সুযোগে কালাচাঁদকে প্রাণেই মেরে ফেলল তাঁরা। ঘটনার পরই এলাকায় ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কমল বর্মন নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। বাকি তিনজনের খোঁজ শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ।

Post a Comment
Thank You for your important feedback