কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে ৪ জঙ্গি। বৃহস্পতিবার ভোরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। গোপন সূত্রে আগেই খবর ছিল জম্মু থেকে জঙ্গিদের একটি দল কাশ্মীরে ঢোকার চেষ্টায় আছে। সেই মতো জম্মু-শ্রীনগর হাইওয়েতে নাকা চেকিং শুরু হয়। জম্মুর নাগ্রোতায় বান টোল প্লাজার (Ban Toll Plaza) কাছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা নাকা চেকিং করছিলেন।
একটি সন্দেহজনক ট্রাককে সেনাবাহিনী আটকালে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপরই শুরু হয় গুলি বিনিময়। গুলি চালাতে চালাতে জঙ্গিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। বেশ কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলায় জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দিতে হয়। প্রায় দু-ঘণ্টা ধরে অভিযান চলে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জন জঙ্গির। সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা জওয়ান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বুধবার সন্ধ্যায় এক গ্রেনেড হামলায় কমপক্ষে ১২ জন জখম হয়েছেন। জানা গিয়েছে আহতরা সকলেই সাধারণ নাগরিক।

Post a Comment
Thank You for your important feedback