শেষ পর্যন্ত জোটধর্মই পালন করল বিজেপি। এবারের বিহারের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের দল জেডি (ইউ) তৃতীয় বৃহত্তম দল হয়েছে। তবুও নীতীশই হচ্ছেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী। এই নিয়ে সপ্তমবার তিনি বিহারের কুর্সিতে বসবেন। রবিবার পাটনায় এনডিএ শরিকদের বৈঠকে নীতীশের নামেই শিলমোহর দিয়েছে সকলে। এই বৈঠকের পৌরহিত্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা রাজনাথ সিং। উল্লেখ্য, বিহারের বিধানসভায় মাত্র ৪৩টি আসন পেয়েছে জেডি (ইউ)। উল্টোদিকে এনডিএ-র বড় শরিক বিজেপির আসন সংখ্যা ৭৪। বিহারে একক বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে বিরোধী দল তেজস্বী যাদবের আরজেডি। ম্যাজিক ফিগারের থেকে মাত্র ৫ আসন বেশি পায় এনডিএ।
বিহার ভোটের আগেই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করেছিল শাসক জোট। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায় নীতীশের দল মাত্র ৪৩ আসন পেয়েছে। কিন্তু কম আসনে লড়েও অপর শরিক বিজেপি প্রায় দ্বিগুণ আসন পেয়েছে। ফলে অনেকেই মনে করছিলেন হয়ত আগের সিদ্ধান্ত বদলে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন। যদিও ফল প্রকাশের পরও নরেন্দ্র মোদি এবং অমিত শাহ স্পষ্ট করে দিয়েছিলেন নীতীশই হবেন মুখ্যমন্ত্রী। এবার সেই দাবিতেই শিলমোহর পড়ল। তবে মন্ত্রীসভায় বেশি সদস্য থাকবে বিজেপির। আর উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিই থাকবেন কিনা সেটা জানা যায়নি।


إرسال تعليق
Thank You for your important feedback