বাংলায় টুইট করে সৌমিত্রবাবুকে শেষ শ্রদ্ধা জানালেন মোদি-শাহ


সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলু মিত্তির বা ফেলু দাকে জীবন্ত করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁরই প্রয়ানে শোকে বিহ্বল আট থেকে আশির সিনেমাপ্রেমী মানুষ। পাশাপাশি শোক প্রকাশ করছেন সাংস্কৃতিক জগত থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। শোক জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল সহ অনেকেই। পরপর দুটি টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ভারতীয় সিনেমা এক লিজেন্ড-কে হারালো। তাঁকে আমরা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি অপু ট্রিলজির অসাধারণ অভিনয়ের জন্য মনে রাখবো। পরের টুইটে তিনি সৌমিত্রবাবুর দাদা সাহেব ফালকে সহ বিভিন্ন পুরস্কারের প্রসঙ্গে বলেন। 


সৌমিত্রবাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলায় টুইট করেই বর্ষীয়ান অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন ‘শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি’। বাংলায় ট্যুইট করেছেন অমিত শাহও। তিনি লিখেছেন, ‘প্রবাদপ্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত। বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়া এক অসাধারণ অভিনেতা। সৌমিত্র-দা'র মৃত্যুতে ভারতীয় সিনেমা এক রত্নকে হারালো। ওঁনার অসংখ্য অনুগামী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওঁ শান্তি, শান্তি, শান্তি’। শোকবার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ছুটে গিয়েছিলেন হাসপাতালে। সেখানেই তিনি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলা সিনেমা এবং থিয়েটারের প্রবাদপ্রতিম অভিনেতাকে। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم