বিশ্বকাপ বাছাইপর্বে জিতল আর্জেন্টিনা, ব্রাজিল

আগের ম্যাচেই প্যারাগুয়ের বিরুদ্ধে জয় আসেনি। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ালিফার ম্যাচে তাই পেরুর বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক ছিল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে দারুণ খেললেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও গোল পাননি, গোলের পাসও দেননি। তবুও তাঁর একার প্রচেষ্টায় ম্যাচ বের করে নিল আর্জেন্টিনা। পেরুকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বে যাওয়ার রাস্তা মসৃন করে রাখল মেসি-ডি মারিয়ারা।

ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা পেয়ে যায় দুটি গোল। প্রথমটি জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্টের উইঙ্গার নিকোলাস গঞ্জালেজের পা থেকে, দ্বিতীয়টি এসেছে ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজের সৌজন্যে। এই ম্যাচে জেতার ফলে ২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে চার ম্যাচ শেষে অজেয় থাকল আর্জেন্টিনা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে লিওনেল স্কালোনির দল, সম সংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

অপরদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিজয় রথ ছুটেই চলেছে। চার ম্যাচের চারটিতেই জিতে লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষে সেলেসাওয়ের ছেলেরা। এদিন উরুগুয়েকে ২-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। উরুগুয়ের মন্তিভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে গোল দুটি করেছেন জুভেন্টাসের মিডফিল্ডার আর্থুর মেলো ও এভারটনের উইঙ্গার রিচার্লিসন। ম্যাচটিও হল বেশ উপভোগ্য। প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক খেলেছে দুই দল। 

 

উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ করোনায় আক্রান্ত। তাই তাঁর জায়গায় এদিনসন কাভানির সঙ্গে জুটি বেঁধেছিলেন বেনফিকার তরুণ স্ট্রাইকার দারউইন নিউনেজ। তাঁর পেছনে বার্সেলোনার মতো ক্লাবগুলো কেন ছুটছে, সেটার প্রমাণ দিয়েছেন ক্ষণে ক্ষণে। ভাগ্য খারাপ উরুগুয়ের, তাই বেশ কয়েকটি গোলমুখি শট লক্ষ্যভ্রুষ্ঠ হয়। একটি শট পোস্টে লেগে ফেরে। তবে প্রতি আক্রমণের ফসলই গরে তোলে ব্রাজিল।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post