মঙ্গলবার সাত সকালেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। দিঘা থেকে মধ্যমগ্রাম ফেরার পথেই দুর্ঘটনাগ্রস্ত হয় বাসটি। ওই সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসস্ট্যান্ডে ধাক্কা মারে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে ঢালাই কারখানা এলাকার একটি বাসস্ট্যান্ড ভেঙে ঢুকে যায় বাসটি। গতি বেশি থাকায় বাসের ভিতরে যাত্রীরা সিট থেকে ছিটকে পড়েন।
তবে বাসটি উল্টে না যাওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। কারণ ওই বাসস্ট্যান্ডের পিছনেই প্রায় ২০ ফুট নিচু খাদ ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসচালক বুঝেশুনেই ওই বাসস্ট্যান্ডে ধাক্কা মেরে বড় দুর্ঘটনা এড়িয়েছেন। স্থানীয় মানুষজনই দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। এমার্জেন্সি জানলা ভেঙে বাস থেকে একে একে আহত যাত্রীদের বের করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নিমতা থানার পুলিশ। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। বাসটিকে আটক করেছে নিমতা থানার পুলিশ।


إرسال تعليق
Thank You for your important feedback