জমি বিবাদ ঘিরে সামশেরগঞ্জে গুলি-বোমা, মৃত ১, আহত ২

জমি দখলকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। নির্বিচারে চলল গুলি-বোমা। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক নিরীহ মানুষের। ঘটনাটি সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড ফিল্ড পাড়া এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ওয়ার্ডে পাঁচ শতক জমি নিয়েই দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। 

 


এই জমির মালিক ইমরান হোসেন নামে বছর চুয়ান্নর ওই ব্যক্তি। অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে এই জমিই হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লবের ভাই আবদুল বারিক। জোর করেই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল তাঁরা। দাবি, এই জমির মালিকানা সংক্রান্ত এক মামলায় জিতেছিলেন ইমরান হোসেন। 

 

কিন্তু এরপরও ওই জমিতে জোর করেই পাঁচিল দেওয়ার চেষ্টা করছিলেন জমি মাফিয়ারা। তাতে বাধা দেন ইমরান হোসেনের পরিবার। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় পরপর বোমা পড়তে থাকে, চলে গুলিও। অভিযোগ, কমপক্ষে পাঁচ-ছয় রাউন্ড গুলি চলেছে। গুলিবিদ্ধ হন ইমরান হোসেন-সহ তিনজন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় ইমরান হোসেনের (৫৪)। আহতদের নাম মহম্মদ সেলিম আনসারী ও মোবাসসার শেখ। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী, এলাকায় রয়েছে উত্তেজনা। অভিযোগ, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লবের ভাই আবদুল বারিকই গুলি চালিয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post