নিউটাউনের চিওরঞ্জন ক্যান্সার হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী। বর্তমানে এই হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবেই পরিচালিত করছে রাজ্য সরকার। নিখোঁজ করোনা রোগীর নাম নন্দদুলাল মিত্র, তাঁর বয়স ৮৮ বছর। লেদার কমপ্লেক্স থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে নন্দদুলালবাবুকে প্রথমে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি। দশমীর দিনই তাঁকে নিউটাউনের চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের নতুন ক্যাম্পাসের কোভিড ইউনিটে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোমবার নন্দদুলালবাবুর পরিবারের লোকজন ওই হাসপাতালে খোঁজ নিতে ফোন করলে জানানো হয় তাঁকে পাওয়া যাচ্ছে না। সোমবার রাত পর্যন্ত ওই অশতীপর বৃদ্ধের কোনও খোঁজ না পেলে মঙ্গলবার সকালে অবশেষে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নন্দদুলালবাবুর পরিবার। ৮৮ বছরের এক অসুস্থ বৃদ্ধ কিভাবে নিঁখোজ হয়ে গেলেন তার সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের নিরাপত্তা এবং নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নন্দদুলালবাবুর পরিবারের লোকজন। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ওই বৃদ্ধের খোঁজ শুরু করেছে। পাশাপাশি পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে দেখছে আদৌ তিনি হাসপাতালের বাইরে গিয়েছেন কিনা। অপরদিকে নিখোঁজ বৃদ্ধের পরিবার হাসপাতাল চত্বরেই অপেক্ষায় রয়েছেন নন্দদুলাল মিত্রের হদিশ পেতে।


إرسال تعليق
Thank You for your important feedback