প্রতিমাসেই রাজ্যে আসবেন শাহ-নাড্ডাঃ দিলীপ ঘোষ

বুধবার সকালেই দিল্লি উড়ে গেলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। কেন ঘন ঘন তাঁর দিল্লি সফর সেই নিয়েও জানালেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, এরমধ্যে বিশেষত্ব কিছু নেই, লকডাউন এবং করোনায় আক্রান্ত হওয়ার জন্য তিনি দিল্লিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে পারেননি। তাই এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাঁকে ঘন ঘন দিল্লিতে যেতে হচ্ছে। যদিও রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের জন্য ইতিমধ্যেই ঝাঁপিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপির সভাপতিও তাই ভীষণ ব্যস্ত সাংগঠনিক কাজে।

দুর্গাপুজোর আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গ সফরে এসেছিলেন। সেখানে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই মাসের শুরুতে কলকাতা ও বাঁকুড়া সফরে এসেছেন অমিত শাহও। অমিত শাহ এবং জেপি নাড্ডা ফের কবে রাজ্য সফরে আসবেন, প্রশ্ন করা হলে এদিন কলকাতা বিমানবন্দরে দিলীপবাবু জানান, ‘এরপর কবে আসবেন, এখনও ঠিক হয়নি। তবে এবার প্রতিমাসেই আসবেন। যদি দরকার হয়, আরও বেশিবার আসবেন। এই মাসের সফর আপাতত শেষ’। 

 

রাজ্যের সহ পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পরই রাজ্য সফর করে গেলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কলকাতায় তিনি মঙ্গলবারই রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁরা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। মূলত নিচুতলা থেকে সংগঠন মজবুত করে প্রচার শুরু করতেই তোড়জোড় শুরু করেছে রাজ্য বিজেপি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post