কালীপুজোর নাচানাচি নিয়ে পাড়ায় দুই পক্ষের গোলমাল। এরপরই সেটা গড়াল বোমাবাজিতে, চলল গুলিও। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া বিগত কয়েকমাস ধরেই অশান্ত। এবার কালীপুজো ও ভাইফোঁটাতেও অশান্তির বিরাম নেই। এবারের ঘটনাস্থল ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা এলাকায়।
পাড়ার ক্লাবে কালীপুজো উপলক্ষে নাচানাচি চলছিল। এই নিয়ে রবিবার গভীর দুই পক্ষের গোলমাল শুরু হয়। সোমবার ভোরে আচমকাই একদল দুষ্কৃতী এলাকায় এসে বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, ৮-১০টি বোমা ছোড়া হয়েছে এবং অন্তত ৫ রাউন্ড গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা। বিধান সরকার নামে এক স্থানীয় এক বাসিন্দার বাড়ি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এমনকি প্রতিবাদ করতে গেলে এক বাসিন্দাকে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীর দল।
ঘটনার পরই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। সোমবার সকালে ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় মণ্ডলপাড়া রোড অবরোধ করেন। ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। তাঁরাই স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইদানিং এই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। গতকাল রাতের গোলমালের পর এদিন ভোরে আচমকাই বোমা ও গুলি ছুঁড়ে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। এরা প্রত্যেকেই স্থানীয় বলেই দাবি এলাকাবাসীর। যদিও এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



إرسال تعليق
Thank You for your important feedback