শীঘ্রই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো, টুইট রেলমন্ত্রীর

 কলকাতা মেট্রো দ্রুত তার শাখা-প্রশাখা ছড়াচ্ছে। এতদিন নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত চলতো উত্তর-দক্ষিণ মেট্রো। সদ্য আংশিকভাবে চালু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর। এবার খুব শীঘ্রই এই করিডর সম্প্রসারিত হতে চলেছে। এমনটাই ইঙ্গিত দিলেন সয়ং রেলমন্ত্রী পীযুষ গয়াল। দেওয়ালির দিনই তিনি টুইট করে জানালেন দ্রুতই কাজ শেষ করে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ করা হবে। 

 

তবে তিনি দিনক্ষণ কিছু জানাননি ওই টুইটে। তিনি টুইটে লিখেছেন, ‘কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে পুরোদমে। সেই কাজ শেষ হলেই অনেক দ্রুত, কম সময়ে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পৌঁছে যেতে পারবেন দর্শনার্থীরা। রাস্তায় যানজটের চাপও কমবে, পরিবহণও আরও মসৃণ হবে’। 


প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে চলতি বছরে প্রায় ছয়মাস বন্ধ ছিল বহু প্রকল্পের কাজ। দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ সিংহভাগ হয়ে গেলেও করোনার জেরে থমকে যায় কাজ। তাই কালীপুজোর আগে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চালু করার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হয়নি। 

 

কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর থেকে এই লাইনে ট্রায়াল রান শুরু করার কথা ছিল। সমস্ত ভারী কাজ শেষ করে জোরকদমে চলছিল ফিনিশিং টাচের কাজ। সিগন্যালিং তৈরির কাজ চলছিল শেষ মূহূর্তে। করোনার জেরে সেটা বন্ধ হয়ে যায়। ফের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) কাছে দরখাস্ত পাঠানো হয়েছে ৪ কিলোমিটার দীর্ঘ লাইন পরিদর্শনের জন্য। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়ায় পৌঁছে যেতে পারে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم