মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে এক প্লাস্টিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। বিস্ফোরণের পরই এলাকার মানুষজন ছুটে যান ওই প্লাস্টিকের গুদামে। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে। চারজনের দেহ বিস্ফোরণস্থলেই পাওয়া গিয়েছে। একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। আহত কমপক্ষে ১৫ জন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় সুজাপুর থানার পুলিশবাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কোন ধরণের বিস্ফোরক ছিল সেটা জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।
প্লাস্টিক কারখানার মেশিন ব্লাস্ট করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। ঘটনাস্থলে ঘিরে রেখেছে বিশাল পুলিস বাহিনী। বিস্ফোরণের সময় ওই প্লাস্টিক কারখানায় প্রায় ২৫ জন কর্মী কাজ করছিলেন। এরমধ্যে পাঁচ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। বাকিদের সুজাপুর হাসপাতালেই চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে মেশিন ফেটেই এই দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে ঘটনাস্থলে যাবে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। তাঁরা নমুনা সংগ্রহ করবেন। এরপরই জানা যাবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ।


إرسال تعليق
Thank You for your important feedback