প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের (ডিপিএল) একটি গেট। ওই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও একজন। ঘটনাস্থলে ছুটে গিয়েছে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। তবে ঠিক কী ধরণের বিস্ফোরক ছিল সেটা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টা বেজে ১০ মিনিট। প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর কনস্ট্রাকশন গেট এলাকা। প্রবল বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় এক ঠিকা কর্মীর দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ওমপ্রকাশ চৌহান। গুরুতর আহত অবস্থায় আরও এক নিরাপত্তাকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মীদের দাবি, কনস্ট্রাকশন গেটের ভেতরে একটি বাগানের ভেতর কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক। বাম রুইদাস নামে ওই নিরাপত্তারক্ষীও বিস্ফোরণস্থলের কাছেই ছিলেন। তাঁর চোটও গুরুতর, তাঁর একটি পা উড়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে ওই ঠিকা শ্রমিকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে বাগানের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।
ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি করেছেন স্থানীয়রা। বিস্ফোরণের পরেই চোখেমুখে আতঙ্কে রয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। বিস্ফোরণের কারণটিও এখনও স্পষ্ট নয়। পুলিশের দাবি, ফরেন্সিক পরীক্ষার পরই বিস্ফোরক সম্পর্কে জানা যাবে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী রয়েছে।


إرسال تعليق
Thank You for your important feedback