আচমকা বাংলায় পা রাখলেন মোদি

মঙ্গলবার ছিল বিহারের দ্বিতীয় দফার নির্বাচন। এরমধ্যেই বিহারের তৃতীয় দফার ভোট প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর এই আগমনের ফাঁকেই ক্ষণিকের জন্য বঙ্গভূমিতে পা রাখলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। এখান থেকেই তিনি বিহারের উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গের বিজেপি নেতারা। 

 

এদিন বিহার নির্বাচনের প্রচারে আরারিয়া ও সহর্সায় জনসভা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানান কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, আলিপুরের সাংসদ জন বারলা ও বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু। এদিন প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন নীশিথ প্রামানিক। তিনি প্রায় ৩০ মিনিট রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে সময় কাটিয়েছেন এদিন। 

 

সূত্রের খবর, তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবরও নিয়েছেন। এরপরই হেলিকপ্টারে বিহারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য ৫ নভেম্বর বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post