বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন ছেলে!

বাবা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। আর তারই খেসারত দিল ছেলে। বাবার প্রেমিকার স্বামী পিটিয়ে মারল এই কিশোরকে। মৃতের নাম পিন্টু দাস। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার ললিতাকুড়ি এলাকায়। মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে খবর, পিন্টু দাসের বাবার সঙ্গে অভিযুক্ত CRPF জওয়ানের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। দিন কয়েক আগে এই নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল বচসাও হয়েছিল।

 

 অভিযোগ তখনই মৃতের পরিবারের লোকজনকে খুনের হুমকি দিয়েছিল অভিযুক্ত CRPF জওয়ান। এরপর থেকেই ভয়ে বাড়িছাড়া ছিল সকলে। মঙ্গলবার রাতে একাই বাড়ি ফেরে পিন্টু। সেই খবর জানতে পেরে অভিযুক্ত বেশ কয়েকজনকে নিয়ে চড়াও হয় পিন্টুর বাড়ি। সেখানেই পিন্টু দাসকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি দেহে ব্লেড দিয়ে কাটার চিহ্নও রয়েছে। 

 

স্থানীয়দের দাবি, বেধড়ক মারধোরের জেরেই মারা গিয়েছে পিন্টু। বুধবার সকালে দেহ উদ্ধার হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই CRPF জওয়ান সহ পাঁচজনকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ। ঠিক কিভাবে মৃত্যু হয়েছে সেটা জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে পুলিশ। যদিও তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم