মিজোরামের জীবনরেখা ৩০৬ হাইওয়ের অবরোধ পঞ্চম দিনে পড়ল। এই পথ দিয়েই মিজোরামে মনিপুর ও ত্রিপুরা থেকে জ্বালানি তেল আর রান্নার গ্যাস আসে। অসম-মিজোরাম সীমান্তে অশান্তির জেরে বন্ধ রয়েছে এই জাতীয় সড়ক। বুধবার থেকে শুরু হওয়া গোলমাল একাধিক সরকারি বৈঠক করেও মেটানো যায়নি। অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন অসমের বিধানসভা নির্বাচনের পর কেন্দ্র এই সীমান্ত সমস্যার সমাধান করবে। মিজোরামের খাদ্যমন্ত্রী কে লালরিনলিয়ানা বলেছেন, এলপি সিলিন্ডার ও তেলের ট্যাঙ্কার মনিপুরে পাঠানো হয়েছে।
একইভাবে ত্রিপুরা থেকেও তেল, গ্যাস আনার চেষ্টা করা হচ্ছে। অসম ও মিজোরামের মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। দুই রাজ্যের সীমান্ত থেকে পুলিশ সরাতে অসম রাজি হলেও অনড় মিজোরাম। অসমের কাছাড় ও করিমগঞ্জ জেলার সঙ্গে মিজোরামের মামিত আর কোলাসিব জেলার সীমানা নিয়ে বহুদিনের ঝামেলা। গতমাসের গোড়ায় এনিয়ে সংঘর্ষে ২০টি দোকান ও বাড়ি ভস্মীভূত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন।
Post a Comment
Thank You for your important feedback