এলাকা দখলকে কেন্দ্র করে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই চুলকানি বাজার এলাকার। গতকাল রাত থেকে উত্তপ্ত রয়েছে। সোমবার আবারও সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুটি ছোট গাড়ি সহ বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় ।
খবর পেয়ে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌছায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ । এলাকায় চাপা উত্তেজনা রয়েছে । গোষ্ঠীকোন্দলের ঘটনা নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, যারা এর পিছনে থাকবে না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রায় তিন মাস থেকে অঞ্চল সভাপতি মুজিবুর রহমান এবং প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমান সাধারণ সম্পাদক ফারুক মন্ডলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত দেওচড়াই। উল্লেখ্য, প্রায় তিন মাস আগে কৃষ্ণপুর হাইস্কুলের মাঠে এক ফুটবল খেলার উদ্বোধনে এসে দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পরিবর্তন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ফারুক মন্ডলকে অঞ্চল সভাপতি থেকে তিনি সরিয়ে মুজিবুর রহমানকে এলাকার অঞ্চল সভাপতি ঘোষণা করেন৷ এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দেওচড়াই এর বিভিন্ন এলাকা ।
অভিযোগ, সোমবার এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন মুজিবর রহমান। সেইসময় দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলকানির বাজারে ফারুক মণ্ডল এবং মুজিবর রহমানের দুই গোষ্ঠীর জমায়েত ছিল। এই জমায়েতের থেকে মুজিবর রহমানের গাড়িতে হামলা চালানো হয়।
এই জমায়েত কিছুক্ষণের মধ্যেই হিংসায় পরিণত হয়৷ দুই পক্ষই বাঁশ, লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় আবুল হোসেন নামে এক তৃণমূল কর্মী আহত হন। বাজারে থাকা বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করা হয়। ঘটনার জন্য পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে দুই গোষ্ঠীই। পুলিশ মুজিবর রহমান সহ বেশ কয়েকজনকে আটক করেছে।
Post a Comment
Thank You for your important feedback