দীর্ঘদিন ধরেই এক নাবালিকাকে ধর্ষণ করছিলেন প্রতিবেশী দুই প্রৌঢ়। এদের মধ্যে একজন পেশায় ট্যাক্সি চালক। সম্প্রতি বছর তেরোর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লেই বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়াল হরিদেবপুর থানার ১৪২ নম্বর ওয়ার্ডের বাঁশতলায়। অভিযোগ পেয়ে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। প্রথমজন ৬১ বছরের বৃদ্ধ অজিত মণ্ডল। অপরদিকে ট্যাক্সি চালকের নাম মুকেশ মণ্ডল (৫৫)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পরিবারের লোকজন চাপ দিতেই ভেঙে পড়ে সে। জানায় ভয় দেখিয়ে তাঁকে প্রায়ই যৌন নিগ্রহ করতেন প্রতিবেশী দুই দাদু। ট্যাক্সি চালক মুকেশ এই ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিল বলে দাবি করে ওই নির্যাতিতা কিশোরী। রাতেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার পরিবার। রাতেই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতা কিশোরীর মায়ের দাবি, দুজনকেই দাদু বলে ডাকত মেয়েটি। নানা আছিলায় তাঁর মেয়েকে নিজের বাড়িতে ডাকতেন। সেখানেই লাগাতার ধর্ষণ করা হত ১৩ বছরের কিশোরীকে। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিত তাঁরা। ফলে প্রাণের ভয় ও লজ্জায় কাউকে কিছু জানায়নি সে। খবর জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দুজনের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Post a Comment
Thank You for your important feedback