হাওড়ার শিবপুরে প্রকাশ্য রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি যুবককে

পরিচিত একজনের সঙ্গে বাইকে চেপে হাওড়ার রামকৃষ্ণপুর লেন দিয়ে যাচ্ছিলেন শিবপুর পিএম বস্তির এক যুবক। আচমকাই পাঁচজন দুস্কৃতি খুব কাছ থেকে গুলি চালায় তাঁকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই  মৃত্যু হয় যুবকের। বাধা দিতে গেলে জখম হন আরও একজন। আর সেই সময়ই সেখান দিয়ে নিজের শিশুসন্তানকে নিয়ে হেঁটেই যাচ্ছিলেন এক মহিলা। বাইক নিয়ে প্রায় তাঁদের গায়ের ওপর এসেই পড়েন গুলিবিদ্ধি যুবক। কোনওরকমে বেঁচে যান তাঁরা। আর বিনা বাধায় ওই দুষ্কৃতীরা হেঁটেই পালিয়ে যায় সেখান থেকে। 


প্রকাশ্য রাস্তায় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। হাড় হিম করা এই পুরো ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।  সিসিটিভি ফুটেজেই দেখা যাচ্ছে চলন্ত বাইকে থাকা ওই যুবককে খুব কাছ থেকে পাঁচ যুবকের একজন খুব কাছ থেকে গুলি চালায়। তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। এরপর নিরুত্তাপ চিত্তেই তাঁরা হেঁটেই এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে নামে হাওড়া শিবপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা যাচ্ছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া ওই যুবকও কুখ্যাত দুষ্কৃতী, তাঁর নাম জিজুয়া। সম্ভবত খুনের বদলা নিতেই এই খুন। সোমবার রাতে এই ঘটনার পর মঙ্গলবার সকালেও শিবপুর রামকৃষ্ণ লেন থমথমে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। রাতেই বেশ কয়েক জায়গায় তল্লাশি চালিয়েছে শিবপুর থানার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post