১১ ঘণ্টার সীমান্ত বৈঠকে চিনের হামলার কড়া নিন্দা ভারতের



টানা ১১ ঘণ্টা বৈঠকের পর ভারত আর চিন পূর্ব লাদাখে পারস্পরিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। সোমবার চিনের সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে মলদো-চোশুলে এই কোর কম্যান্ডার পর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সোমবারের বৈঠকে ভারতের তরফে পূর্ব পরিকল্পিত চিনা হামলার নিন্দা করা হয়। তারই পাশাপাশি পানগং তাও, গালওয়ান উপত্যকা সহ বিভিন্ন এলাকায় কীভাবে সেনা সরানো হবে তা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, বৈঠক হয়েছে সৌহার্দ্যমূলক পরিবেশে এবং তা গঠনমূলক। দুপক্ষই সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত দুই তরফই মেনে চলবে। গত ৬ জুন দুই দেশের প্রথম বৈঠকটি হয়েছিল। সেখানেও বিভিন্ন জায়গা থেকে সেনা সরানোর কথা হয়। ভারত বলেছে, চিনকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ৪ মে-র আগেকার অবস্থানে ফিরে যেতে হবে। কিন্তু চিন তা গ্রাহ্য না করে অন্তত ১০ হাজার সেনাকে সেখানে জড়ো করে। গত মাস থেকেই দুই দেশ উত্তেজনা কমাতে আলোচনা চালাচ্ছে। তারই মধ্যে ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান প্রাণ হারান। এরইমধ্যে বায়ুসেনা প্রধান চিফ এয়ার মার্শাল আর কে এস ভাদোরিয়া সীমান্ত এলাকা ঘুরে গিয়েছেন। মঙ্গলবার সেখানে গিয়েছেন সেনাপ্রধান এম এম নরাভানে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post