
জঙ্গিপুর মহাকুমা হাসপাতালেই এক মহিলা রোগীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠল। তারক সূত্রধর নামে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁকে ওই রোগীর পরিবারের লোকজন ধরে ফেলেন। এরপর একটি গাছের সঙ্গে অভিযুক্ত হাসপাতাল কর্মীকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকজনের অভিযোগ, গত ২১ তারিখ ওই যুবতীকে হৃদরোগজনিত কারণে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে অভিযুক্ত অস্থায়ী কর্মী ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করে বলেই অভিযোগ। অন্যান্য রোগীদের চিৎকারে সে পালিয়ে যায় ওই ওয়ার্ড থেকে। আরও অভিযোগ, পুরো ঘটনা কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের জানালেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সকালে ওই কর্মী রাতের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথেই ধরা পড়েন ওই যুবতীর পরিবারের লোকজনদের হাতে। খবর পেয়ে হাসপাতালে চলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এরপরই তারক সূত্রধর নামে ওই অস্থায়ী কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। যুবতীর পরিবারের লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই জঙ্গিপুর মহাকুমা হাসপাতাল চত্বরে যথেষ্ঠ উত্তেজনা ছড়ায়।
Post a Comment
Thank You for your important feedback