করোনা পজিটিভ রিপোর্ট হাতে সটান থানায় প্রৌঢ়


এক বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন টালিগঞ্জ থানা এলাকার লেক রোডের বাসিন্দা এক প্রৌঢ়। ওই রিপোর্টেই তাঁর করোনা পজিটিভ আসে। এরপরই ওই প্রৌঢ় রিপোর্ট হাতে সটান হাজির হয়ে যান টালিগঞ্জ থানায়। টেবিলের সামনে এসে একটা ছাপানো কাগজ ডিউটি অফিসারের দিকে দিয়ে বলেন, ‘স্যার, আমি করোনা পজিটিভ’। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনায় হুলুস্থুলু বেঁধে যায় টালিগঞ্জ থানায়। ওই প্রৌঢ়ের দাবি, রিপোর্ট পজিটিভ আসার পরই ওই পরীক্ষাকেন্দ্র থেকে তাঁকে বলা হয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। তাই তিনি থানায় চলে এসেছেন। পরে অবশ্য টালিগঞ্জ থানার পুলিশকর্মীরাই তাঁকে এমআর বাঙুর কোভিড হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন।
এক পুলিশ কর্মীর কথায়, রিপোর্ট হাতে নিয়ে এক প্রৌঢ় সোজা থানায় চলে আসেন। সোজা চলে যান ডিউটি অফিসারের টেবিলে। তিনি কোভিড পজিটিভ শুনেই চাঞ্চল্য ছড়ায় থানা চত্বরে। পরে ওই প্রৌঢ়কে থানার বাইরে এক বেঞ্চে বসানো হয়। এরপর কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর কোভিড হাসপাতালে। শেষে পুরো থানা চত্বর স্যানিটাইজ করা হয়। জীবাণুমুক্ত করা হয় ডিউটি অফিসারের ঘরও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post