
সোমবার সকাল থেকে রাজস্থানে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন হল। রাজ্যপাল কলরাজ মিশ্র মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে বিধানসভার অধিবেশন চালানোর অনুমতি দিলেন। অপরদিকে রাজস্থান বিধানসভার স্পিকার সচিন পাইলট মামলায় রাজস্থান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিলেন। উল্লেখ্য, রবিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজস্থানের রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তাঁর পরই সুর নরম করেন রাজ্যপাল কলরাজ মিশ্র। আবার ছয় বিএসপি বিধায়কের কংগ্রেসে যোগ দেওয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে রাজস্থান হাইকোর্ট। সবমিলিয়ে জট কাটছে রাজস্থানে।

অধিবেশন চালু করা নিয়ে কয়েকটি প্রশ্ন পাঠিয়েছিলেন রাজ্যপাল। যাকে ‘প্রেমপত্র’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। এরপরই এক পাঁচতারা হোটেলে কংগ্রেস বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। এই বৈঠকের পরই অশোক গেহলত ফোন করেন নরেন্দ্র মোদিকে। সেখানেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, মোদিও বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এরপরই সুর অনেকটাই নরম করে সংবিধানের ১৭৪ ধারা অনুযায়ী বিধানসভার অধিবেশন ডাকার নির্দেশ রাজ্য সরকারকে দিলেন রাজ্যপাল। তিনি বলেন, বিধানসভার অধিবেশন না ডাকার কোনও ইচ্ছা নেই রাজ ভবনের। সংবিধান মেনেই তিনি কাজ করছেন।

অপরদিকে ছয় বিএসপি বিধায়ক কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে যে পিটিশন রাজস্থান হাইকোর্টে জমা দিয়েছিল মায়াবতীর দল, সেটা খারিজ হয়ে গিয়েছে। ফলে ওই ছয় বিধায়কদের বিরুদ্ধে দজলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না। অন্যদিকে সুপ্রিম কোর্টে সচিন পাইলটদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে পিটিশন জমা করেছিলেন রাজস্থানের স্পিকার। সেটাও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে রাজস্থান হাইকোর্টের রায়ের ভিত্তিতে সচিন পাইলট সহ ১৯জন বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবেনা।
Post a Comment
Thank You for your important feedback