
বাড়িতেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা চলছিল পাঁচ মাসের দুধের শিশুটির। দিন কয়েক আগেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। শুক্রবার সন্ধ্যায় শিশুটির অবস্থার অবনতি হতেই বাড়ির লোকজন তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই মৃত্যু হয় একরত্তির। তবে শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছিল শিশুটি। এরজন্য বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর। চলতি মাসের শুরুতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল শিশুটিকে। সুস্থ করার জন্য একটি অস্ত্রোপচারও করতে হতো শিশুটির। তারই প্রস্তুতি নিচ্ছিলেন শিশুটির পরিবার। এরমধ্যেই প্রবল জ্বর ও শ্বাসকষ্ট শুরু হওয়ায় শিশুটির করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তাঁর। শিশুটির বাবার বক্তব্য, শুক্রবার সন্ধ্যার পর থেকে অবস্থার অবনতি হতে থাকলে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে ফোন করি। তাঁরাই স্বাস্থ্যভবনে যোগাযোগ করার পরামর্শ দেন। এরপরই স্বাস্থ্যভবন থেকে তাঁদের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু সেখানে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ওই দুধের শিশুকে। এই প্রথম এত কম বয়েসে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হল রাজ্যে।
إرسال تعليق
Thank You for your important feedback