
করোনা পজিটিভ হওয়ার পরই দিল্লির এক কিশোরীকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই আরেক করোনা আক্রান্ত যুবক তাঁর শ্লীলতাহানি করে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ উঠল। এমনকী এই পুরো ঘটনা মোবাইল ক্যামেরায় ভিডিও করেন সঙ্গী আরেক করোনা আক্রান্ত যুবক। ওই কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতেই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে দুজনেই করোনা আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালেই কড়া পাহারায় রয়েছেন ধৃত দুই যুবক। সূত্রের খবর, গত ১৫ জুলাই দিল্লির এক কোভিড হাসপাতালেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নির্যাতিতা ওই কিশোরীর এক আত্মীয় একই সঙ্গে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিল রাতে ওই কিশোরী শৌচালয়ে গিয়েছিল, সেখানেই অভিযুক্ত যুবক তাঁকে জড়িয়ে ধরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। তাঁরই এক সঙ্গী সেই ঘটনার ভিডিও তুলে রাখে। কিশোরীর দাবি, কোনও রকমে নিজেকে ছাড়িয়ে নিজের বেডে ফিরে সেই আত্মীয়কে পুরো ঘটনা জানায় সে। এরপরই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সব জানান। খবর যায় পুলিশেও। কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে একেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল ওই কিশোরী। এরওপর এই যৌন হেনস্থার ঘটনায় সে আরও ভেঙে পড়েছে। এমনকি ওই কোভিড হাসপাতালেই থাকতে ভয় পাচ্ছে বছর চোদ্দর ওই কিশোরী। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে কোভিড হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে।
Post a Comment
Thank You for your important feedback