ইস্টবেঙ্গলে সুদিন, স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিল কোয়েস, এবার লক্ষ্য আইএসএল


দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে। প্রাক্তন স্পনসর কোয়েসের থেকে অবশেষে স্পোর্টিং রাইটস ফিরে পেলেন ইস্টবঙ্গল ক্লাব। ফলে সরকারিভাবে সম্পর্ক ছিন্ন হল দুই সংস্থার। এবার আর অন্য স্পনসর জোগার করতে অসুবিধা হবে না শতাব্দীর দোর গোড়ায় দাঁড়ানো ক্লাবটির। পাশাপাশি আইএসএল-এ নাম নথিভুক্ত করতেও আইনি সমস্যা মিটে গেল ইস্টবেঙ্গলের। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য নাম নথিভুক্ত করতে ডেডলাইন দিয়ে দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেই সময় প্রায় শেষে দিকে। এই পরিস্থিতিতে স্পোর্টিং রাইটস নিয়ে কোয়েস ও ইস্টবেঙ্গলের মধ্যে টানাপোড়েনে সময়সীমা পার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে চুরান্ত হতাশায় ভুগতে শুরু করেছিলেন লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থক। ‘তবে সব ভালো যার শেষ ভালো’ এই আপ্তবাক্যকে সত্য প্রমানিত করেই শুক্রবার স্পোর্টিং রাইটস ছেড়ে দেওয়ার চিঠি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে পাঠিয়ে দিল প্রাক্তন স্পনসর কোয়েস। সেই সঙ্গে কোয়েস কর্তা অজিত আইজ্যাক ইস্টবেঙ্গলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।


সূত্রের খবর, শুক্রবারই ক্লাব লাইসেন্সিংয়ের জন্য যাবতীয় নথিপত্র তৈরি করে দুই-এক দিনের মধ্যেই ফেডারেশনে জমা দিতে চলেছে ইস্টবেঙ্গল কর্তারা। উল্লেখ্য, আগামী ২৪ জুলাই ছিল ডেডলাইন। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে সেই সময়সীমা আরও বাড়ানোর আবেদন করে ইস্টবেঙ্গল ক্লাব। ফেডারেশনও ইস্টবেঙ্গলকে আরও সাতদিন সময় দিয়েছিল। কিন্তু কোয়েস স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ায় ওই বাড়তি সময় আর লাগবে না বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। শীঘ্রই নতুন করে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন জমা করে দেবেন তাঁরা। তবে নতুন স্পনসর নিয়ে এখনও মুখে কুলুপ এটেছেন ক্লাব কর্তারা। তবে সূত্রের খবর, বেশ কয়েকটি বড় ভারতীয় সংস্থা ইস্টবেঙ্গলে ইনভেস্ট করতে উৎসাহিত। পাশাপাশি ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পনসর নিয়ে কথা বলেছেন। সবমিলিয়ে আশার আলো দেখছেন লাল-হলুদ সভ্য-সমর্থকরা। এখন দেখার কয়েক কোটি টাকার আর্থিক বোঝা মাথায় নিয়ে ইস্টবেঙ্গল কী আইএসএল খেলতে পারবে?'


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post