
উচ্চমাধ্যমিকে ভাল ফলের আশায় শিবের কাছে মানত করেছিল দুর্গাপুরের গোপালমাঠ এলাকার কয়েকজন কিশোর। মানত ছিল শ্রাবন মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালবে তাঁরা। গত সোমবার ঢেলেছিল, কিন্ত এই সোমবার আর জল ঢালা হলনা তাঁদের। ভরা বর্ষার দামোদরের জলে তলিয়ে গেল চার কিশোর। অণ্ডালের কুটির ডাঙ্গা ঘাটের কাছে সোমবার সকালে এই ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তলিয়ে গিয়েছে চার বন্ধু সব্যসাচী মুখোপাধ্যায়, রাহুল মান্ডি, শিবু দাস ও সৌরভ মণ্ডল। প্রত্যেকেরই বয়স ১৮ বছরের আশেপাশে। জানা গিয়েছে, রাহুল, সৌরভ ও শিবু গোপালমাঠের মেঝেডিহি এলাকার বাসিন্দা ও সব্যসাচী গোপালমাঠেরই জগুরবাঁধ প্লটের বাসিন্দা। বাকি দুই বন্ধু গৌরব মণ্ডল ও ইন্দ্রনীল ঘোষ গোপালমাঠ সংলগ্ন বনগ্রামের বাসিন্দা।

তাঁরা মন্দিরে শিবের মাথায় জল ঢালার আগে দামোদরে নেমেছিল স্নান করতে। আমকাই চারজন জলে তলিয়ে যায় বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপরই ভরা বর্ষায় জলের টানে ভেসে যায়। ঘাটে থাকা বাকি বন্ধুরা চিৎকার চেচামেচি করতেই স্থানীয় লোকজন ছুটে আসেন। কিন্তু ওই চারজনকে উদ্ধার করা যায়নি। ঘটনার খবর পেয়েই সেখানে চলে আসে অণ্ডাল থানার পুলিশ। কয়েকটি নৌকা নিয়ে দামোদরে শুরু হয়েছে তল্লাশি। তবে এখনও কারোর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। খবর যায় প্রত্যেকের বাড়িতেও। চারজনেরই পরিবারের লোকজন ছুটে আসেন অণ্ডালের কুটির ডাঙ্গা ঘাটে। স্থানীয় মানুষজনও ভিড় করেছেন এলাকায়। চারজন সদ্য উচ্চমাধ্যমিক পাস করা কিশোরের এই মর্মান্তিক পরিনতিতে এলাকায় নেমেছে শোকের ছায়া। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback