
আসন্ন আগস্ট মাসেই সিনেমা হলের দরজা খুলে দেওয়া হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আর্জি জানাল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। করোনা মহামারীর জন্য এমনিতেই সঙ্কটে সিমেমা শিল্প। সিনেমা হল বন্ধ থাকায় আটকে রযেছে বহু সিনেমার রিলিজ। এই আবহেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারের সঙ্গে শুক্রবার সিআইআই মিডিয়া কমিটির মধ্যে এক বৈঠক হয়। সেখানেই সিনেমা হল খোলা নিয়ে আলোচনা হয়। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব পরামর্শ দিয়েছেন আগস্টেই সিনেমা হল খুলে দেওয়া যেতে পারে। তবে তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা। জানা যাচ্ছে, ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে দেশে ধাপে ধাপে সিনেমা হল খুলে দেওয়ার পরামর্শই দেওয়া হয়েছে। তবে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের জন্য। যেমন, সামনের সারিতে একটি বাদে একটি সিটে টিকিট বিক্রি। পরের সারি ফাঁকা রাখতে হবে। একইভাবে পরের সারিতে টিকিট বুকিং করা যাবে। তবে এই ব্যবস্থায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বলেই জানাচ্ছেন বিভিন্ন সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে লকডাউনের জেরে বন্ধ দেশের সমস্ত সিনেমা হল। পরে লকডাউন শিথিল হলেও সিনেমা হল খোলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Post a Comment
Thank You for your important feedback