
এক দম্পতির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার খলিসামারি এলাকাতে। মৃতদের নাম রাজেশ দে (৪০) এবং বিজয়া দে (৩৫)। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই দম্পতির একমাত্র ছেলের জন্মদিন রবিবার। জন্মদিন পালন করা হবে কি করে সেটা নিয়েই বচসা বাঁধে শুক্রবার রাতে। প্রতিবেশীদের দাবি, এদিন রাত দুটো নাগাদ গায়ে কেরোসিন ঢেলে প্রথমে গায়ে আগুন ধরায় বিজয়া দাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্ত্রীকে এভাবে আত্মহত্যা করতে দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি রাজেশও। তিনিও বাড়ির পাশের একটি বাগানে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। শনিবার সকালে এই খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীদের দাবি, এই দম্পতির মধ্যে কোনও ঝামেলা ছিলনা। কিন্তু চতুর্থশ্রেনীর পড়ুয়া ছেলের জন্মদিন পালন করা নিয়েই বচসা হয়েছিল শুক্রবার রাতে। এরপরই এই ঘটনা। যদিও শামুকতলা থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে দুজন আত্মঘাতী হয়েছেন সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment
Thank You for your important feedback