উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে গাড়ি সহ ধসে গেল সেতু, মৃত ২


আসাম থেকে কলা বোঝাই করে শিলিগুড়ির দিকে আসছিল একটি ছোট গাড়ি, মালবাজার মহুকুমার বাগরাকোটের কাছে একটি সেতুতে ওঠার পরই ঘটে বিপত্তি। আচমকাই ওই গাড়ি সহ ধসে যায় সেতুর একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই গাড়ির চালক ও খালাসির। জানা গিয়েছে, কযেকদিন ধরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে। এই পরিস্থিতিতে সেতুর তলার মাটি সরে গিয়েই এই বিপত্তি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ভোরে কলা বোঝাই ওই পিকআপ ভ্যানটি সেতুর মাঝ বরাবর আসতেই আচমকা মাটিতে বসে যায় সেতুর একাংশ। কংক্রিটের তলায় চাপা পড়ে যায় গাড়িটি। তড়িঘড়ি এলাকাবাসী ও পুলিশ উদ্ধার কাজ চালালেও বাঁচানো যায়নি দুজনকে। ৩১ নম্বর জাতীয় সড়কে জুরন্তি খোলার ওপর গুরুত্বপূর্ণ এই সেতু ধসে যাওয়ায় যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে উত্তরবঙ্গ হয়ে আসামে যাতায়াতকারী গাড়ি অনেকটাই ঘুর পথে পাঠানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকমাস আগেই এই সেতুটিতে ধস নেমেছিল। তারপর সেতুটি সারানো হয়। ফের একবার ধস নামায় প্রশ্ন উঠছে সেতুর মেরামতি নিয়ে। এদিন ওই সেতুটির পাশ দিয়ে যাওয়া রেললাইনেও ধস নেমেছে। পাশেই থাকা রেল সেতুটিও ধসে যায়। ফলে ওই লাইনে ট্রেন চলাচলও আপাতত বন্ধ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post