
২১ শে জুলাই তৃণমূলের ভার্চুয়াল সভা থেকেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রায় ঘন্টাখানেকের বক্তৃতায় বেশিরভাগটাই ছিল বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ। তবে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সাফল্যের খতিয়ান ও আগামী দিনে রেশন ফ্রি করে দেওয়ার ঘোষণা। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপিকে টেক্কা দিতেই তিনি আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারের মাত্রা বেঁধে দিলেন। এই আবহেই বৃহস্পতিবার বিকেলে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকবেন রাজ্যেস্তরের শীর্ষ নেতৃত্ব ও সমস্ত জেলা সভাপতি, পর্যবেক্ষক ও শাখা সংগঠনগুলির প্রধানরা।

এদিনের বৈঠকে দলনেত্রী কী কী নির্দেশ দেন তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। তবে শাসকদল সূত্রে জানা যাচ্ছে এদিনের বৈঠকে দলীয় সংগঠনে ব্যাপক রদবদল করতে পারেন তৃণমূল নেত্রী। জানা যাচ্ছে, দলীয় স্তরে গোষ্ঠীকোন্দলের ওপর নজর রাখছিলেন তিনি। এরজন্য নজরদারি আরও বাড়িয়ে দিয়েছিলেন দলনেত্রী। এদিনের বৈঠকেই সেগুলি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। পাশাপাশি জেলার পর্যবেক্ষকদেরও রদবদল করা হতে পারে। এছাড়া বিশেষ নজর থাকবে উত্তরবঙ্গে। উত্তরের কয়েকটি জেলায় দলীয় কোন্দল অনেকটাই প্রকাশ্যে। এমনকি কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহর মতো জেলায় সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback