
করোনা ভাইরাসের বিরুদ্ধে লডা়ইয়ে আমরাই শুধু লড়াই করছি না, আমরাই জিতব। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে, করোনা যোদ্ধারা যেন হেরে না যান। পাশাপাশি তাঁর দাবি, পিপিই কিট তৈরিতে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। অপরদিকে এদিনই কলকাতা সহ দেশের তিনটি শহরে অত্যাধুনিক করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ভিডিও বৈঠকে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার করোনা যুদ্ধ তুলে ধরেন। তাঁর ব্যাখ্যা রাজ্য সরকার ইতিমধ্যেই করোনা যুদ্ধে রাজ্য আড়াই হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে। তিনি আরও বলেন, বিশ্বকে বলে দিন বাংলা বিনামূল্যে কোভিড চিকিৎসা করায়। এমনকি টেলি মেডিসিনের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে আরও বলেন, রাজ্যে ১০৬টি সেফ হোম তৈরি করেছে রাজ্য সরকার। যেখানে মৃদু উপসর্গ যুক্ত ব্যক্তিদের রাখার ব্যবস্থা করেছে প্রশাসন। এদিন কলকাতার নাইসেডে দৈনিক ১০ হাজার পরীক্ষার ব্যবস্থা যুক্ত এক অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে মোট ৮১টি ল্যাব রয়েছে, আরও বেশি ল্যাব দরকার। অপরদিকে, প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, দেশে ১৩০০ ল্যাবে পরীক্ষা হচ্ছে, দৈনিক ১০ লাখ পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। দেশের বিজ্ঞানীরাও করোনার টিকা আবিষ্কারের চেষ্টায় দিনরাত এক করছেন। তবে যতদিন না করোনার টিকা বাজারে আসছে ততদিন খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি।
Post a Comment
Thank You for your important feedback