মৃত করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি


রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও অন্য সরকারি কর্মী। বুধবার নবান্ন সভাঘর থেকে জেলাশাসক ও এসপিদের সঙ্গে ভিডিও বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রয়াত করোনা যোদ্ধাদের সম্মান জানানোর কথা ঘোষণা করেন মমতা। তিনি জানান, করোনা যোদ্ধাদের পরিবারের সদস্যকে চাকরি দেবে রাজ্য, দেওয়া হবে মেডেলও। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হচ্ছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কোভিড যোদ্ধাদের পরিবারকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিভিন্ন জেলার করোনা যোদ্ধাদের হাতে মেডেল, ব্যাজ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণও। তিনি আশাকর্মী-সহ অন্যান্য করোনা যোদ্ধাদের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী বলেন, কোভিডজয়ীদের জেলাগুলিতে কাজে লাগানো হবে। আমরা দেখব যাতে তাঁদের কাজ না যায়। কারণ, বিপদের বন্ধুদের সবসময় পাশে থাকতে হয়। মমতা বলেন, অনেকে অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই বলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তিনি এদিন আবাসনগুলিকে অক্সিমিটার রাখার কথা বলেছেন। ক্লাবগুলিকেও পাড়ার দিকে নজর রাখার আবেদন জানান তিনি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post