মুম্বইয়ে জলে ভেসে গেলেন দুই সন্তান সহ মহিলা, মহারাষ্ট্রে মৃত ২৪


প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। এদিন দুপুরে প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছেন ৩৫ বছরের এক মহিলা ও তাঁর দুই সন্তান। সান্তাক্রুজের ধোবিঘাটে একটি নালার ধারে তাদের বাড়ি ধসে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তিন বছরের একটি বাচ্চাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে বৃষ্টিতে মারা গিয়েছেন অন্তত ২৪ জন। আহত আরও ১০ জন। মালাদে গাড়ি সহ ডুবে গিয়েছেন ২ জন। দেওয়াল চাপা পড়ে পুনেয় মারা গিয়েছেন ৬ শ্রমিক। কল্যাণে একইভাবে মারা গিয়েছেন ৩ জন।
গত ১০ ঘণ্টায় মুম্বইয়ে ২৩০ মিমি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থানের ওভালায় মারা গিয়েছেন একজন। মঙ্গলবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে শহরের বহু এলাকা পুরোপুরি জলমগ্ন। বন্ধ যান চলাচল। এদিন এবং বুধবারের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের পূর্বাভাসও দিয়েছে তারা। তাদের পূর্বাভাসে মুম্বই, থানে, রত্নগিরি ও রায়গড়ে অতি ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি বৃষ্টি হবে পালধারে। এর জেরে ব্যাহত ট্রেন চলাচল। মধ্য, পশ্চিম এবং হার্বার এলাকায় ট্রেন চলাচল পুরো বন্ধ। কিছু রুটে শাটল লোকাল ট্রেন চালানো হচ্ছে। বাতিল হয়েছে ২০৩টি উড়ান। কান্ডাভেলির ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে প্রবল ধারাপাতে পাহাড়ে ধস নেমেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post