
প্রথমে রেলের ডাক মেসেঞ্জার পদ উঠিয়ে দেওয়া হয়েছিল দিন কয়েক আগেই। এবার আরেক শতাব্দী প্রাচীন একটি পদ তুলে দেওয়ার কথা জানাল রেল। তুলে দেওয়া হল খালাসি অর্থাৎ বাংলো পিওন পদটি। যা ব্রিটিশ আমল থেকেই ভারতীয় রেলের এক অঙ্গ ছিল। রেলমন্ত্রক গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগের বিষয়টি এখনও রেলবোর্ডের আলোচনার মধ্যে রয়েছে। তাই এই মুহূর্তে এই পদে নতুন কোনও নিয়োগ হবে না বা নিয়োগ সংক্রান্ত কোনও নির্দেশিকাও জারি হবে না’। রেল সূত্রে জানা গিয়েছে, সাধারণত রেলের আধিকারিকদের বাংলোয় পরিচারিকার মতো কাজ করবেন রেলেরই এক শ্রেণীর কর্মী। এই পদটির নামই খালাসি বা বাংলো পিওন। তাই এবার এই মধ্যযুগীর প্রথা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেলের এক শীর্ষ আধিকারিকের কথায়, ২০২০ সালে দাঁড়িয়ে এমন প্রথা দৃষ্টিকটূ। রেলের এই পদ নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। একজন সরকারি আধিকারিকের বাংলোয় আরেকজন সরকারি কর্মীকে কাজ করতে হবে কেন? তাই রেলের তরফে এই পদ চিরতরের জন্য বন্ধ করা হল। তবে যাঁরা বর্তমানে এই পদে কর্মরত, তাঁদের কী হবে? সেটা নিয়ে স্পষ্ট করে বলা নেই ওই বিজ্ঞপ্তিতে। ব্যয় কমাতে রেল সুরক্ষাক্ষেত্র ছাড়া অন্যান্য বিভাগে ৫০ শতাংশ শূন্যপদ বিলোপের সিদ্ধান্তও নিয়েছে। করোনা আবহে আপাতত সব শূন্যপদেই নিয়োগ স্থগিত রাখার নিয়েছে রেল।
Post a Comment
Thank You for your important feedback