
ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। এবারও এক করোনায় মৃত্যু বৃদ্ধার দেহ বাড়িতেই পড়ে থাকল ১৯ ঘন্টা। ততক্ষণে দেহে পচন ধরতে শুরু করেছে। সিএন নিউজ চ্যানেলে বারবার বিষয়টি প্রচার করার পরও টনক নড়েনি স্বাস্থ্যদফতর, বিধাননগর পুরনিগম ও পুলিশের। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বিধাননগর পুরনিগমের কেষ্টপুরের। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ বাড়িতেই উষারানি মণ্ডল (৭৫) নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়। তিনি কোভিড পজিটিভ ছিলেন। অভিযোগ, বারবার চেষ্টা করেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে পারেননি বৃদ্ধার পরিবার। কিন্তু মৃত্যুর পরও ভোগান্তির মুখে পড়েন ওই পরিবার। প্রায় ১৯ ঘন্টা বাড়িতেই পড়ে থাকল দেহ।

বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উষারানি মণ্ডল কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলেন। এরপর কলকাতার কোনও সরকারি বা বেসরকারি কোভিড হাসপাতালে বেডের ব্যবস্থা করতে পারেনি তাঁর পরিবারের লোকজন। অপরদিকে ক্রমশ শারীরিক অবস্থা খারাপ হতে থাকে তাঁর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ মৃত্যু হয় বৃদ্ধার। এরপর থানা, স্থানীয় কাউন্সিলর, পুরসভা ও স্বাস্থ্যদফতরে ফোন করেও মেলেনি সাড়া। ফলে সারারাত বাড়িতেই পড়ে থাকে করোনা আক্রান্ত ওই বৃদ্ধার দেহ। শুক্রবার সকাল থেকে ফের উদ্যোগী হয় পরিবার ও আশেপাশের কয়েকজন বাসিন্দা। কিন্তু তবুও টনক নড়েনি পুলিশ-প্রশাসনের। সকালে পুলিশের একটি গাড়ি এলেও তাঁরা গাড়িতেই বসে থাকেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমনকি করোনা আক্রান্তের বাড়ির সামনে ভিড় জমে যাওয়ার পরও এক পুলিশকর্মীকে গাড়িতেই ঘুমোতে দেখা যায়। অবশেষে বেলা ১টা নাগাদ কেষ্টপুরের সমরপল্লীিএলাকায় ওই বৃদ্ধার বাড়িতে এসে পৌঁছায় পুরসভার শববাহী গাড়ি। দেহ উদ্ধার করা হয় প্রায় ১৯ ঘন্টা পর।

Post a Comment
Thank You for your important feedback