চিনা দখলদারির আবহেই আজ ফের ভারত-চিন কোর কমান্ডার বৈঠক



লাদাখের পর উত্তরাখণ্ডেও চিনা আগ্রাসনের খবর আসছে। এই রাজ্যের লিপুলেখ গিড়িপথের কাছে প্রকৃত নিয়ন্ত্রন রেখার কাছেই বিপুল চিনা সেনার জমায়েত লক্ষ্য করা গিয়েছে। এই আবহে রবিবার পঞ্চম দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠক বসছে লাদাখে। পূর্ব লাদাখের চুসুলের কাছে চিনা নিয়ন্ত্রনাধিন মালডোতে এই বৈঠক হবে। এই বৈঠকে ভারতের তরফে অংশগ্রহন করবেন সেনার ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং চিনের দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। উল্লেখ্য, গত ১৫ জুন দুদেশের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পর চার দফার বৈঠক হয়েছে। এবং ওই বৈঠকের পর দুদেশই নিজেদের সেনা কিছুটা পিছু হটানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেইমতো গালওয়ান, হটস্পিং ও গোগরা পয়েন্ট থেকে চিন নিজেদের সেনা সরিয়ে নেয়। কিন্তু প্যাংগং লেক ও তার আশপাশের কয়েকটি ফিঙ্গার পয়েন্টে ‘ভারতীয় ভূখণ্ড’ থেকে এখনও চিনা সেনা সরেনি বলেই অভিযোগ। এই বৈঠকে প্যাংগং লেক নিয়েই মূলত কথা চালাবে ভারত বলে জানা যাচ্ছে। অপরদিকে উত্তর লাদাখের দৌলতবেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটির কিছু দূরেই দেসপাং উপত্যাকায় নতুন করে ঘাঁটি গেড়েছে চিনা সেনা। ফলে ভারতীয় সেনার পেট্রোলিং বাহিনী ফিঙ্গার পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত এলাকায় যাতায়াত করতে পারছে না। এই বিষয়টিও এদিনের বৈঠকে তুলবে ভারত। সেই সঙ্গে লিপুলেখ নিয়েও অভিযোগ করা হতে পারে বলে সূত্রের খবর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post