শুরু হল বিজেপির ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ কর্মসূচি


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসেই নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল বঙ্গ বিজেপি। করোনা আবহে লকডাউনের জেরে বন্ধ ছিল এই কর্মসূচি। শুক্রবার ফের নতুন করে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু হল। এদিন বিজেপির রাজ্য দফতরে ‘আমার পরিবার বিজেপি পরিবার’ কর্মসূচির সূচনা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও কেন্দ্রীয় নেতা মুকুল রায়। দিলীপ ঘোষ এদিন বলেন, ‘নতুন করে সদস্য সংগ্রহ আজ থেকে শুরু হল। ইতিমধ্যেই বাংলায় ৯৫ লক্ষ সদস্য রয়েছে। এবার আমাদের লক্ষ্য তিন কোটি’। তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার বিজেপি। সকলকে সেই পরিবারের অংশ হওয়ার আবেদন করছি’। রাজনৈতিক মহলের অভিমত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহ খানেক আগেই অন্যান্য দলের নেতা-নেত্রীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের আহ্বান করেছিলেন। এবার একই পথে হাঁটল রাজ্য বিজেপি। এদিনের অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তোপ দাগেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘দুর্নীতিতে ঢেকে গিয়েছে বাংলা। কাটমানি ছাড়া কোনও কিছুই হচ্ছে না। রাজ্যের পরিকল্পনা সঠিক নয় বলেই বাংলার পরিস্থিতি এরকম’। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই সদস্য সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিল বঙ্গ বিজেপি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post