সুশান্তের টাকা হাতানোর অভিযোগে বান্ধবী রিয়াকে ইডি-র সমন


অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে এবার নতুন মোড়। তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার মধ্যেই এবার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে সমন ধরালো এনফোর্সমেন্ট ডিরেকটরেট বা ED। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে মুম্বইয়ে ইডি-র দফতরে হাজির হতে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং আগেই অভিযোগ জানিয়েছিলেন, তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমান টাকা হাতিয়েছেন রিয়া। এই ঘটনার তদন্ত শুরু করেছিল ইডি-র গোয়েন্দারা। ওই তদন্তেই উঠে আসে প্রায় ১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। এই ব্যাপারেই বিস্তারিত জানতে রিয়াকে ডেকে পাঠালেন ইডি-র তদন্তকারীরা। তবে সুশান্তের মৃত্যুর পর থেকেই কার্যত লোকচক্ষুর আড়ালে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
Rhea Chakraborty
বিহার পুলিশ তদন্ত শুরু করতেই পুরোপুরি গায়েব হয়ে গিয়েছেন রিয়া। তবে এরমধ্যেই দিন কয়েক আগে একটি অজ্ঞাত জায়গা থেকে একটি ভিডিওবার্তা দিয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছিলেন রিয়া। তাঁর দাবি ছিল একদিন সত্যিটা সামনে আসবে। উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বইয়ের নিজের ফ্ল্যাটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই ঘটনার পর থেকেই উত্তাল বলিউড থেকে সোশাল মিডিয়া। ধীরে ধীরে অভিযোগের তীর ঘুরে যায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। মুম্বই পুলিশের তদন্তে ভরসা না করে পাটনায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিং।

তাঁর সরাসরি অভিযোগ ছিল রিয়ার দিকেই। এরপরই রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেন সব মামলা মুম্বইয়ে সরিয়ে নিয়ে আসা হোক। কিন্তু ঘটনার নাটকীয় পরিবর্তন হয় দেশের দুই রাজ্যের রেশারেশিতে। বিহার সরকার কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের আর্জি জানায়। তাতে কার্যত শিলমোহর দিয়ে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়ে দেয় তাঁদের সিবিআই তদন্তে আপত্তি নেই। এবার আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক তছরুপের তদন্ত শুরু করল। ফলে ক্রমশ অস্বস্তি বাড়ছে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post