
ফের এক বৃদ্ধা খুন। এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। সোমবার সকালেই ঘরের ভিতর একাকী বৃদ্ধা সুষমা চট্টোপাধ্যায়ের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বারুইপুরের সালেপুর পশ্চিম এলাকায়। ঘরের তালা ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড, এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা-কাপড়। বাড়ির উঠোনে ছড়িয়ে রয়েছে বাক্স-প্যাটরা। ঘরের ভিতর রক্তাক্ত দেহ পড়ে বৃদ্ধার। এক ঝলকে দেখলে মনে হবে চুরির উদ্দেশ্যেই এই খুন। কিন্তু প্রতিবেশীদের দাবি, অশক্ত শরীরের এই বৃদ্ধাকে মারতে হল কেন? খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেই সঙ্গে বৃদ্ধার একমাত্র মেয়েকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, ওই বৃদ্ধার নামে বেশ কয়েক বিঘা জমি রয়েছে। তবে ঘর থেকে কী কী চুরি গিয়েছে সেটা এখনও জানতে পারেনি পুলিশ। ফলে স্থানীয়দের অনুমান, চুরি নয়, অন্য কোনও উদ্দেশ্যেই খুন হয়েছেন বছর আশির এই বৃদ্ধা। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনই কোনও সম্ভবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর সালেপুর পশ্চিম এলাকায়।

Post a Comment
Thank You for your important feedback