ফের ইডি দফতরে ‘সপরিবার’ রিয়া, চলছে দ্বিতীয় দফার জেরা




সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী সোমবার ফের হাজির হলেন ইডি দফতরে। সঙ্গে রয়েছেন তাঁর ভাই সৌভিক আর বাবা ইন্দ্রজিৎ। এর আগে রিয়া ও তাঁর বাবাকে একবার জেরা করা হয়েছে। সৌভিককে জেরা করা হয়েছে দুই বার। শুক্রবার টানা আটঘণ্টা জেরার মুখে পড়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সৌভিককে জেরা করা হয়েছে প্রায় ১৮ ঘণ্টা। ইডি সূত্রের খবর, রিয়া ও তাঁর ভাই বারবার সঠিক জবাব এড়িয়ে গিয়েছেন। যা বলেছেন তাও বিশ্বাসযোগ্য নয়। এদিন ইডি দফতরে গিয়েছেন সুশান্ত, রিয়ার বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিও। সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিরও সোমবার হাজির হওয়ার কথা। তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে রিয়া টাকা সরিয়েছেন এই মর্মে পাটনায় এফআইআর করেন সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিং। ইডি-ও টাকা পাচারের অভিযোগ এনেছে রিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে করা এফআইআরের মামলা পাটনা থেকে মুম্বইয়ে সরানোর জন্য সু্প্রিম কোর্টে রিয়ার আবেদনের শুনানি হবে ১১ আগস্ট। উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই তাঁর মৃত্যু নিয়ে দেশজুড়েই বিতর্ক চলছে। সুশান্তের মৃত্যুর পরে তাঁর, রিয়া ও সৌভিকের কোম্পানির ডোমেন নেম, আইপি অ্যাড্রেস বদলে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post