কাশ্মীরে ফের এনকাউন্টার, নিহত জঙ্গি, শহিদ জওয়ান


কয়েকদিনের বিরতির পর ফের এনকাউন্টার কাশ্মীরে। পুলওয়ামায় সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও। বুধবার সকালে কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, পুলওয়ামার কামরাজিপুরায় এক এনকাউন্টারে এক সেনা জওয়ান শহিদ হয়েছেন। মারা গিয়েছেন এক জঙ্গিও। গোপন সূত্রে খবর পেয়েই বুধবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ দল। একটি বাগানে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর আসে। ওই বাগান ঘিরে ফেললে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। তীব্র গুলির লড়াইয়ে দুই পক্ষের একজন করে মারা গিয়েছেন। তবে ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা জানতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। সেনা সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল সহ প্রচুর গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post