
ইলশেগুঁড়ি বৃষ্টি ও পুবালি হাওয়ায় ভর করে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রচুর ইলিশ। কয়েকদিনের খরা কাটিয়ে বেশ কয়েকটি ট্রলার সমুদ্র থেকে দিঘা মোহনায় ফিরেছে ইলিশ নিয়ে। গত দুই দিনে প্রায় দেড় টন ইলিশ এসেছে এই মৎস্যবন্দরে। তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদার থেকে কমই ইলিশ উঠেছে জালে। যদিও ইলিশের আকার ও ওজন বেশ আশানুরূপ। গড়ে ৫০০ থেকে ১ কেজি ওজনের ইলিশ পাওয়া গিয়েছে মোহনায়। তবে চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় ইলিশের দাম আকাশছোঁয়া। দিঘা মোহনা পাইকারি বাজারে ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজি দরে। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম প্রায় ১২০০ টাকা কেজি। এক কেজির বেশি ওজনের ইলিশের দাম উঠেছে ২০০০-২২০০ টাকা। দিঘার মাছ ব্যবসায়ীদের দাবি, বেশ কয়েকদিন মৎস্যজীবীদের জালে ধরা দেয়নি রুপোলি শস্য। ফলে ইলিশের দেখা ছিল না পূর্ব ভারতের এই বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্রে। তবে আবহাওয়া আশানুরূপ হলে আরও ট্রলার ভর্তি ইলিশ আসবে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। তবেই দাম কমবে।

Post a Comment
Thank You for your important feedback