
জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের লুকসান এলাকায় এক পাহাড়ি নদীতে কাপড় কাচছিলেন এক মহিলা। পম্পা শা নামে ওই মহিলা যখন আপনমনে কাজ করছিলেন তখন ঘূণাক্ষরেও টের পাননি কী বিপদ ঘনিয়ে আসছে। আচমকাই ভুটানের পাহাড় থেকে নেমে আসা ওই নদীতে এল হড়পা বান। নদীর জল মুহূর্তে বেড়ে যাওয়ায় পাড়ে উঠতে পারেননি পম্পা। আর তাতেই ভেসে যেতে দেখা যায় ওই তাঁকে। তবে উপস্থিত বুদ্ধির জেরে একটি পাথর আঁকড়ে সেটিতেই উঠে পড়েন ওই মহিলা। এরপর প্রাণপনে চিৎকার করে সাহায্যের আবেদন করেন তিনি। সেই সময় এলাকারই দুই যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে পম্পার চিৎকার শুনতে পান। নিজেদের প্রাণের চিন্তা না করেই সেই উত্তাল নদীতে ঝাঁপিয়ে পড়েন সূরজ ও কার্জি ওরাও নামে দুই যুবক। একটি দড়ির সাহায্যে তাঁরা ওই মহিলাকে মাঝ নদী থেকে উদ্ধার করে পাড়ে তুলে নিয়ে আসেন। স্থানীয় মানুষজনও এই দৃশ্য দেখে তাঁদের সাহায্য করেছেন। কয়েকজন এই উদ্ধারকাজের ভিডিও তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করলে অসংখ্য মানুষ দুই যুবকের সাহসিকতার প্রশংসা করেন।


Post a Comment
Thank You for your important feedback