
ফের দল বদল করলেন মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবীর। এবার বিজেপি ছেড়ে তিনি যোগ দিলেন শাসকদলে। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের রেজিনগর থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন হুমায়ুন কবীর। এরপর দলীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের জেরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। সঙ্গে মন্ত্রীত্বও পেয়ে যান তিনি। তবে রেজিনগর বিধানসভার উপনির্বাচনে হেরে মন্ত্রিত্ব হারান হুমায়ুন কবীর। পরবর্তী সময়ে তৃণমূল নেত্রীত্বের সঙ্গেও মতবিরোধ হলে হুমায়ুনকে বহিষ্কার করে দল। ফের রেজিনগর থেকে বিধানসভা ভোটে লড়েন নির্দল প্রার্থী হয়ে। এবং হেরে গিয়ে কংগ্রেসেই ফেরেন তিনি। লোকসভা নির্বাচনের আগেই ফের দল বদল করে মুর্শিদাবাদের এই দাপুটে নেতা। যোগ দেন বিজেপিতে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীও হন তিনি। কিন্তু আড়াই লাখের বেশি ভোট পেয়েও পরাজিত হন। কিন্তু বিজেপি সঙ্গ বেশিদিন রাখলেন না হুমায়ুন কবীর, ফের দল বদলে তৃণমূলেই ফিরলেন। বৃহস্পতিবারই বহরমপুরের টেক্সটাইল মোড়ে এক জনসভায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতা সুব্রত সাহা। তৃণমূলে ফিরে হুমায়ুনের বক্তব্য, এবার আমি তৃণমূল দলটাই করতে চাই, যতদিন বাঁচব।
Post a Comment
Thank You for your important feedback