কোঝিকোরে বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৯


কেরলের কোঝিকোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে খাদে গিয়ে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনায় অবশ্য প্রাণে বেঁচেছেন অধিকাংশ যাত্রীই। তবে মৃতের সংখ্যাও বাড়ছে। শুক্রবার রাতে প্রাথমিকভাবে জানা যাচ্ছিল বিমানটির পাইলট সহ ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু ভেঙে দুই টুকরো হয়ে যাওয়া বিমানটিতে উদ্ধারকাজ শুরু হতেই একের পর এক দেহ বের হয়। গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরও কয়েকজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এই ভয়ানক বিমান দুর্ঘটনায়। একজন বিমানবন্দর কর্মীরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট যাত্রী ছিলেন ১৮৪ জন। তাঁরা প্রত্যেকেই দুবাই থেকে বন্দে ভারত মিশনের আওতায় দেশে ফিরছিলেন। জানা যাচ্ছে এদের মধ্যে অনেকেই বিদেশে কাজ হারিয়েছিলেন লকডাউনের মধ্যে। ফলে দেশে ফিরতেই তাঁদের এই ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হতে হল। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই বিমানটির পাইলট ছিলেন উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত এবং সহকারি পাইলট ছিলেন ক্যাপ্টেন অখিলেশ। দুজনেই মারা গিয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দুর্ঘটনার তদন্ত করতে দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক। এই দুটি দলেই রয়েছেন এয়ার ইন্ডিয়া, এয়ারপোর্ট অথরিটি (AAI), এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (AAIB) ও বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA-এর বিশেষজ্ঞরা। তাঁরা প্রত্যেকেই কোঝিকোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post