
করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য বুধবার রাজ্যজুড়ে ছিল সার্বিক লকডাউন। আর বুধবার বিকেলেই রাজ্যের স্বাস্থ্যদফতরের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু হল। ফলে রাতের ঘুম উড়েছে স্বাস্থ্য কর্তাদের। বুধবার রাজ্যের স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ২,৮১৬ জন সংক্রমিত হয়েছেন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তারা। তবে সকলকে চমকে কলকাতাকে টপকে একদিনের সংক্রমণে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন, সেখানে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। পরিসংখ্যান অনুযায়ী বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩ হাজার ৮০০। এরমধ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বর্তমানে ২২ হাজার ৯৯২ জন।

রাজ্যে একদিনে মৃতের সংখ্যাও বিগত দিনের হিসেবে সর্বোচ্চ ছিল বুধবার। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৬১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২৫ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১,৮৪৬। তবে এই পরিসংখ্যানের মধ্যেও স্বস্তির খবর সুস্থতার হারে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৭৮ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৯৬২ জন। সুস্থতার হার ৭০.৩৬ শতাংশ। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যজুড়েই করোনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে। ফলে সংক্রমণ ধরাও পড়ছে বেশি। তাই দ্রুততার সঙ্গে করোনা আক্রান্তদের চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। ট্রেসিং, ট্র্যাকিং, টেস্টিংয়ে জোর দিয়ে করোনা সংক্রমণ বাগে আনার চেষ্টা চলছে। পাশাপাশি কনটেনমেন্ট জোনে কড়া লকডাউন ও রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউনের ফলে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হবে বলেই আশাবাদী রাজ্যের স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৪,০৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Post a Comment
Thank You for your important feedback