
রাতে মোবাইল ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তামিলনাড়ুর কারুরের বাসিন্দা মুথুলক্ষ্মী। পাশেই ঘুমিয়ে ছিল ছিল তাঁর তিন বছরের দুই যমজ সন্তান। সোমবার ভোর রাতে ওই মোবাইল ফোনটি বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় ঘরে। ফলে পুড়েই মৃত্যু হয়েছে মা সহ দুই যমজ সন্তানের। মর্মান্তিক ঘটনাটি তামিলনাড়ুর কারুরের রায়ানুর গ্রামে। ২৯ বছরের মুথুলক্ষ্মীর সঙ্গে বনিবনা হচ্ছিল না স্বামী বালাকৃষ্ণণের। ফলে রায়ানুরে বাপের বাড়িতেই থাকছিলেন তিন বছরের দুই যমজ সন্তানকে নিয়ে। রবিবারই বাবা-মাকে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়েছিল মুথুলক্ষ্মী। ফলে তাঁরা দুর্ঘটনার সময় একাই ছিল। রবিবার রাতে মুথুলক্ষ্মী মোবাইল ফোন চার্জ দিয়েই ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে তাঁর পড়শিরা দেখতে পান মুথুলক্ষ্মীর ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। পুলিশ ও দমকলে খবর দেন তাঁরাই। দমকলকর্মীরা ঘরে ঢুকে দেখেন মুথুলক্ষ্মীর মৃত্যু হলেও দুই যমজ সন্তান তখনও বেঁচে রয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, হাসপাতালেই মৃত্যু হয় দুই শিশুর। দমকলের প্রাথমিক অনুমান মোবাইল ফোনের চার্জিং থেকেই আগুন লেগে গিয়েছিল ঘরে। মোবাইল ফোনটিও বিস্ফোরণে ফেটে গিয়েছে। তবে পুলিশের বক্তব্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাবেনা। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা জানতে।
Post a Comment
Thank You for your important feedback